জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বিদ্যালয়ের দশম শ্রেণির কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্যসচিব মোহা. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান (খোকন)।
বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও এডহক কমিটির সভাপতি হারুন অর-রশিদ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খান বলেন, নারীশিক্ষার প্রসার ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে হবে। শিক্ষার মানোন্নয়নে গঠিত কমিটিকে নিয়মিত সভা করে অগ্রগতি পর্যালোচনার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও জাতীয়করণের বিষয়ে বিএনপি-জামায়াত সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিম খান। এসময় কমিটির শিক্ষক প্রতিনিধি মোস্তাফিজুর (সোনা), অভিভাবক সদস্য আসাদুজ্জামান (মুকুল), বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত, অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং শেষে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অফিস সহায়ক ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান।
প্রতিবেদক আন্দুলবাড়িয়া