জীবননগর উপজেলার উথলী গ্রামের একটি মসজিদ থেকে ছয়টি সিলিং ফ্যান চুরি করে বিক্রির সময় দুই যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ফ্যানগুলো উদ্ধার করা হয়। আটক দুজন হলেন উথলী গ্রামের মোল্লাবাড়ি পাড়ার ইরশাদ হোসেনের ছেলে হানিফ (২৫) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিনারুল (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে উথলী গ্রামের রূপিরচারা বটতলার নিকটবর্তী একটি মসজিদ থেকে ছয়টি সিলিং ফ্যান চুরি হয়। চুরির ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। গতকাল রোববার বিকেলে কাশিপুর গ্রামের রাজ ইলেকট্রনিকস নামের একটি দোকানে চুরি করা ফ্যানগুলো বিক্রি করতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি দুজনকে ও চুরি হওয়া মালামাল আটকে রেখে উথলী গ্রামের মসজিদ কমিটির লোকজনকে খবর দেন। খবর পেয়ে মসজিদ কমিটির লোকজন সেখানে গিয়ে তাদের চুরি হওয়া মালামালসহ উথলীতে নিয়ে আসেন।
স্থানীয় কয়েকজন জানান, আটক দুজন পেশাদার চোর। এর আগেও চুরি করতে গিয়ে তারা ধরা পড়েছিল বলে দাবি করেন তারা। এলাকাবাসী আরও জানান, উথলী ও আশপাশের এলাকায় সম্প্রতি চুরির উপদ্রব বেড়েছে। মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি, মসজিদের মাইক, ব্যাটারি ও ফ্যান চুরির ঘটনা প্রায়ই ঘটছে। এছাড়া বসতবাড়িতে ছোটখাটো চুরি এবং ফসলের মাঠ থেকে পেয়ারা, ড্রাগন, মাল্টাসহ বিভিন্ন ফল চুরির ঘটনাও ঘটছে। এসব চুরির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের অভিযোগ।
চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। শেষ খবর পাওয়া পর্যন্ত আটক দুই যুবককে মারধরের পর পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদক উথলী