দামুড়হুদায় ৩ গ্রাম গাঁজাসহ নাজমুল হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে সংক্ষিপ্ত বিচারে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন দামুড়হুদা পুরাতন বাজারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুল হক জানতে পারেন, দামুড়হুদা থানার খানপাড়া গ্রামের বটতলা এলাকায় কুলসুমের চায়ের দোকানের সামনে সড়কে এক ব্যক্তি গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে নাজমুল হোসেনকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে পরনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৩ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে নাজমুল হোসেনকে সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, ‘গাঁজাসহ একজনকে আটক করে বৃহস্পতিবারই চুয়াডাঙ্গার আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।’
প্রতিবেদক দামুড়হুদা