চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে সদর উপজেলার নতুন ভান্ডারদহ গ্রামের আব্বাসের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ভান্ডারদহ গ্রামের সলিম উদ্দিনের ছেলে মো. তুহিন (৩০) ও নতুন ভান্ডারদহ গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো. চঞ্চল হোসেন (২৫)।
পুলিশ জানায়, সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের এসআই নওশাদ মাহফুজ সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় মামলা হয়েছে। মামলাটি ১৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে রুজু করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক