মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আমাদের ব্যর্থতাই সফলতার পথ দেখাবে: ডিসি লুৎফুন নাহার
  • আপলোড তারিখঃ ১৫-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় স্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গায় শুরু হয়েছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে এবং জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা ইভেন্টে ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।


অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেয় শিক্ষার্থীরা। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। এছাড়া গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এবং ক্রীড়া শপথ পাঠের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার।


চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ প্রচণ্ড রোদ। কিন্তু আমাদের রোদে পুড়েই নিজেদের গড়ে তুলতে হবে। আমাদের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে। কারণ সূর্যের আলোর ভিটামিন ডি আমাদের জন্য অতি প্রয়োজনীয় একটি উপাদান।’
জেলা প্রশাসক বলেন, ‘আমরা চুয়াডাঙ্গাবাসী অনেক সৌভাগ্যবান। আমাদের চমৎকার চমৎকার সব মাঠ রয়েছে। তাই এসব মাঠে এসে খেলাধুলার প্রতি আগ্রহী হতে হবে। তোমাদের জন্যই এসব আয়োজন করা হচ্ছে। তোমরা মাঠে এসো, খেলাধুলা করো। এসব গুণাবলির মাধ্যমে তোমরা ভবিষ্যতের জন্য নিজেদের তৈরি করো।’


হার-জিতকে জীবনের অংশ উল্লেখ করে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, ‘হার-জিতÑএ দুটো নিয়েই আমাদের জীবন। আমরা জীবনে অনেক ক্ষেত্রে জিতব, আবার অনেক ক্ষেত্রে হেরেও যাব। তবে এই হারকে হজম করে কেন হারলাম, তা শনাক্ত করতে হবে। যে জায়গাগুলোতে ঘাটতি রয়েছে, সেগুলো পূরণ করতে হবে। তবেই আমরা ভবিষ্যতে আরও ভালো করতে পারব। আমাদের ব্যর্থতাই সফলতার পথ দেখাবে।’


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও আইসিটি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টসের একটি পর্ব শেষ হয়েছে। আবার নতুন করে আরেকটি পর্বের রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। এর সময় বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ডিসি গোল্ড কাপ আমরা গতকাল উদ্বোধন করেছি। চারটি উপজেলার আটটি দলকে নিয়ে এ আয়োজন করা হচ্ছে।’


অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে গুরুত্বারোপ করে এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, ‘কয়েকদিন ধরে একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছেÑযেসব বাচ্চা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, একই বাচ্চাদের ঘুরেফিরে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। একই শিক্ষকও তাদের সঙ্গে থাকছেন। বিষয়গুলো বন্ধ করতে হবে। প্রতিটি বাচ্চাকে যেকোনো ধরনের কারিকুলাম ও কো-কারিকুলাম অ্যাক্টিভিটিতে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।’


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া কর্মকর্তা সেলিম রেজা, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ নূর মোহাম্মদ জান্নাত আলী, চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিকাইল হোসেন, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের নূর হোসেন, এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা।


দুই দিনব্যাপী ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হবে।



কমেন্ট বক্স
notebook

জীবননগরের বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারিসহ ৩ নেতাকে পুনর্বহাল