রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গাসহ সারাদেশে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

আসুন, এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী
  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৬ ইং
ডেঙ্গু প্রতিরোধে চুয়াডাঙ্গাসহ সারাদেশে তিন মাসের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘সচেতন হোন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসন উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়।


কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা কার্যালয় প্রাঙ্গণ থেকে অভিযান শুরু করে পরে পায়ে হেঁটে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তর পরিদর্শন করেন। এসময় ভ্রাম্যমাণ ও স্থায়ী দোকানদার, পথচারীসহ সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে এ কর্মসূচি নেওয়া হয়েছে।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মিনহাজ উল ইসলাম, সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক দীপক কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া রোভার, স্কাউট, বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা কামনা করেন। তরুণদের উদ্দেশে তিনি বলেন, একটি দেশের তরুণসমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণসমাজের পরিবর্তনের সক্ষমতা সারা বিশ্ব দেখেছে বলেও উল্লেখ করেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।’
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে পড়ে থাকা ভাঙারি, কাগজপত্র, প্লাস্টিক ও মাটির পাত্রসহ বিভিন্ন বস্তুতে পানি জমে এডিস মশার জন্ম হয়। সবাই সচেতনভাবে উদ্যোগ নিলে এ অবস্থার পরিবর্তন সম্ভব।


প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় ২৩ লাখ স্কাউটস সদস্য ও ২২ হাজার বিএনসিসি সদস্য রয়েছে। এ ছাড়া হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় কোটি শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ি মাদ্রাসায় প্রায় আড়াই কোটি শিক্ষার্থী রয়েছে। তিনি গার্লস গাইড, বিএনসিসি, স্কাউটস, স্বেচ্ছাসেবকসহ সবাইকে দেশ গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।


উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম। এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এদিকে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এদিন দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলা অডিটোরিয়াম থেকে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধনী কার্যক্রমে অংশ নেন উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন স্থানে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। এসময় কার্যালয় চত্বরের বিভিন্ন স্থান পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারেÑএমন স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন শাহানাজ, উপজেলা আইসিটি কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ হাসানসহ বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রোভার স্কাউটের সদস্যরা।


সরোজগঞ্জ:
ডেঙ্গুমুক্ত সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়ন পরিষদের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার করার পাশাপাশি এডিস মশা নিধনে কীটনাশক স্প্রে করা হয়। অভিযানে কুতুবপুর ইউনিয়নের প্রশাসক নাজমুল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান জিয়া, সহকারী সচিব রাজু আহমেদ, প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, ইউপি সদস্য জামাত আলী মণ্ডল, রেজাউল হক, আফাঙ্গীর হোসেন, আব্দুল হালিম, হাসানুজ্জামান হাসান, নুর ইসলাম, মহিলা সদস্য মালেকা খাতুন ও কল্পনা খাতুন, গ্রাম পুলিশ দফাদার লিটন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান জিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।


শংকরচন্দ্র:
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদেও পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় পরিষদ চত্বর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থলে কীটনাশক স্প্রে করা হয়। অভিযানে শংকরচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন আলম সুজন, ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, ইউপি সদস্য টোকন মিয়া, জাফর হোসেন, ছানোয়ার হোসেন, সুজন হোসেন, মহিলা সদস্য শোভা খাতুনসহ গ্রাম পুলিশ দফাদার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মহিউদ্দিন আলম সুজন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি নাহয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।


নাগদাহ:
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়ন পরিষদে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অভিযান অনুষ্ঠিত হয়। পরিষদ ভবনের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও মশক নিধনের লক্ষ্যে বিভিন্ন স্থানে কীটনাশক স্প্রে করা হয়।
অভিযানে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুস সামাদ, হিসাব সহকারী মো. সাহেদ সারোয়ার, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক দিকনির্দেশনা দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল।
চেয়ারম্যান বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসন বা ইউনিয়ন পরিষদের একার পক্ষে সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।


দামুড়হুদা:
‘সচেতন হোন, সুস্থ থাকুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান এবং পরে উপজেলা পরিষদ চত্বর ও তৎসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
এসময় জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, দর্শনা কলেজের বিএনসিসি টিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।


জীবননগর:
সারাদেশের মতো জীবননগরেও ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানির নেতৃত্বে উপজেলা প্রশাসন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং উপজেলার সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে বিশেষ পরিচ্ছন্নতা র‌্যালি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।


মেহেরপুর:
‘ডেঙ্গু নয়, প্রতিরোধই প্রধান। সচেতন হোন, সুস্থ থাকুন’ ও ‘পরিষ্কার পরিবেশ, সুস্থ সমাজ, গড়বো আমরা’ স্লোগানকে সামনে রেখে মেহেরপুরেও জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।


গতকাল শনিবার মেহেরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবুল সূত্রধর, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রোভার-স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশই পারে সুস্থ সমাজ গড়তে। অভিযান সফল করতে তিনি সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুর প্রকোপ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৭টি স্পিড ব্রেকারের দাবি