রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোরের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ
  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোরের বিএনপি নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নাটোর জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়া, জনপ্রিয় ও যোগ্য প্রার্থী বাছাই এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।


গতকাল শনিবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। সন্ধ্যায় বৈঠক শেষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


বৈঠকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সভাপতি মাসুদ অরুণ, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ তিন জেলার সব উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।


দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় কাউন্সিল ও সাংগঠনিক পুনর্গঠনকে সামনে রেখে তৃণমূলের নেতাদের মতামত শোনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়। একই সঙ্গে দলের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ের সংগঠনকে সুসংগঠিত করার বিষয়েও আলোচনা হয়।


বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের সর্বস্তরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। নির্বাচনে ভালো ফলাফলের জন্য যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থী নির্বাচনে জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি হিসেবে বিবেচনা করার বার্তা দেওয়া হয়। একই সঙ্গে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


বৈঠক সূত্র আরও জানায়, স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের দায়িত্ব থানা ও উপজেলা পর্যায়ের নেতাদের দেওয়া হয়েছে। প্রার্থী চূড়ান্ত করতে কোনো সমস্যা দেখা দিলে তা জেলা পর্যায়ের নেতারা সমাধানের চেষ্টা করবেন। জেলা পর্যায়ে সমাধান না হলে বিভাগীয় নেতারা বিষয়টি দেখবেন। সেখানেও সমাধান না হলে কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৭টি স্পিড ব্রেকারের দাবি