শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় নানা আলোচনা

আত্মহত্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার নির্দেশ
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভায় নানা আলোচনা

চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান। সভার শুরুতে এনজিও বিষয়ক সমন্বয় কমিটির গত আগস্ট মাসের সভার কার্যবিবরণী পাঠ করা হয়। সভায় জেলার বিভিন্ন এনজিওর গত মাসের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি আগামী মাসে বাস্তবায়নযোগ্য কর্মসূচি ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। মাদক নির্মূল, আত্মহত্যার প্রবণতা হ্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ ও অনলাইন জুয়া বন্ধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ধরনের কার্যক্রম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আত্মহত্যার প্রবণতা নিয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়। আত্মহত্যা প্রতিরোধে এনজিওসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে কার্যকর ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। শুধু দিবসভিত্তিক বা বিচ্ছিন্ন কর্মসূচি নয়, বছরজুড়ে সচেতনতামূলক ও মোটিভেশনাল কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।


সভায় জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা তাঁদের গত মাসের কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে আগামী মাসের কর্মসূচি ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় এনজিওগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।


সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান বলেন, ‘প্রতিটি এনজিওকে প্রতি মাসের কর্মপরিকল্পনা উপস্থাপন করতে হবে। এক মাসে কোথায় উঠান বৈঠক করবেন, কোথায় যাবেন, কী পরিদর্শন করবেন- তা মাসের শুরুতেই জানিয়ে দিতে হবে।’


চুয়াডাঙ্গায় আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, ‘জেলায় আত্মহত্যা প্রতিরোধ নিয়ে কারা কাজ করছে, তা আমি খোঁজ করছি। আত্মহত্যার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। আত্মহত্যা প্রতিরোধে সরকারি-বেসরকারি সংস্থা ও সংগঠনগুলোকেও কাজ করতে হবে।’


অনলাইন জুয়ার ভয়াবহতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘অনলাইন জুয়া মাদকের মতোই একটি বড় নেশা। বিশেষ করে তরুণেরা এই নেশার দিকে ঝুঁকে পড়েছে। রাতারাতি বড়লোক হওয়ার নেশায় জুয়ার টাকার জোগান দিতে গিয়ে তারা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। তাই সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে উঠান বৈঠক, সভা ও সেমিনারের মাধ্যমে অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’


সভায় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মন্ডল, টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান, ব্র্যাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার মানিক ম্যাক্সিমিলিয়ান রুগ্গা, ওয়েব ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, সুবর্ণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিম্মা মিতাসহ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় এনজিওর প্রতিনিধিরা।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ঘিরে