শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পাঁচকমলাপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শরীফুজ্জামান শরীফ

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান
  • আপলোড তারিখঃ ১১-০৯-২০২৬ ইং
আলমডাঙ্গার পাঁচকমলাপুরে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শরীফুজ্জামান শরীফ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গায় তালগাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালগাছের চারা রোপণ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারাদেশে প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তালগাছ রোপণের পর মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।


বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশের সঙ্গেও এর গভীর সম্পর্ক রয়েছে। গাছ মানুষের জন্য অক্সিজেন, ছায়া ও নানা উপকারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’ তিনি বলেন, বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগাতে হবে।


বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, রাস্তার পাশে, খেলার মাঠ ও বিভিন্ন খোলা জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে একটি গাছ লাগানোর পর সেটিকে বড় করে তোলার দায়িত্বও সবাইকে নিতে হবে বলে উল্লেখ করেন। শরীফুজ্জামান শরীফ আরও বলেন, তালগাছ আমাদের গ্রামীণ পরিবেশ ও প্রকৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে। বজ্রপাতের ঝুঁকি কমানোসহ পরিবেশ রক্ষায় তালগাছের ভূমিকা রয়েছে। তাই পরিকল্পিতভাবে তালগাছসহ দেশীয় ও উপকারী বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।


তিনি স্থানীয় নেতা-কর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে পরিবেশ রক্ষার মতো জনকল্যাণমূলক কাজেও সবাইকে সম্পৃক্ত হতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ রেখে যাওয়াই আমাদের অন্যতম দায়িত্ব।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্যসচিব হাফিজ উদ্দিন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মওলানা ইদ্রিস আলী, আব্দুল জলিল, রানা, স্বপন, তুষার, ইন্না হুজুরসহ স্থানীয় নেতা-কর্মীরা। কর্মসূচি শেষে পাঁচকমলাপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা সাহেব দোয়া পরিচালনা করেন। দোয়ায় দেশের শান্তি, সমৃদ্ধি, পরিবেশের সুরক্ষা ও মানুষের কল্যাণ কামনা করা হয়।



কমেন্ট বক্স
notebook

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানকে ঘিরে