পাঠকের ভালোবাসা, আস্থা ও সহযোগিতায় এক লাখ সদস্যের মাইলফলক স্পর্শ করেছে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার অফিসিয়াল অনলাইন পেজ। দীর্ঘ পথচলায় অর্জিত এই সাফল্যকে ঘিরে পত্রিকাটির প্রধান কার্যালয়ে ছিল আনন্দঘন পরিবেশ। কেক কেটে মাইলফলকটি উদযাপন করেন পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত ১০টায় চুয়াডাঙ্গায় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এসময় পত্রিকার কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার আগে অনলাইন পেজের এক লাখ সদস্য পূর্ণ হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে এই অর্জনকে সামনে রেখে পাঠকদের আরও নির্ভরযোগ্য ও মানসম্মত সংবাদ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন পত্রিকার সংশ্লিষ্টরা। উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংবাদমাধ্যমের সবচেয়ে বড় শক্তি তার পাঠক। পাঠকদের আস্থা ও ভালোবাসার কারণেই অনলাইন প্ল্যাটফর্মটি এক লাখ সদস্যের পরিবারে পরিণত হয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, নির্ভীক ও জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। আনন্দঘন এ আয়োজনে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রকাশক ও সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, আইন উপদেষ্টা অ্যাড. মারুফ সরোয়ার বাবু, যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, সহসম্পাদক সুমন পারভেজ খান, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিম, প্রধান প্রতিবেদক সোহেল রানা ডালিম, নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম সামি, মাল্টিমিডিয়া প্রতিবেদক রাদ্দুর রহমান পলক, সহকারী ভিডিও এডিটর আতিকুর রহমান, সার্কুলেশন ম্যানেজার পারভেজ, অফিস স্টাফ নাজমুল হাসান শান্ত ও মাশরুর বাকীসহ পত্রিকার কর্মকর্তা-কর্মচারী ও সংবাদকর্মীরা। এক লাখ সদস্যের এই মাইলফলককে নতুন যাত্রার সূচনা হিসেবে দেখছে দৈনিক সময়ের সমীকরণ। পাঠকদের আস্থা ধরে রেখে আরও দ্রুত, বস্তুনিষ্ঠ ও জনসম্পৃক্ত সংবাদ পরিবেশনের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই উদযাপন করা হয় এই অর্জন।
নিজস্ব প্রতিবেদক