চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্য, ডায়াগনস্টিক সেন্টার ও খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় অবৈধ কেওড়া জল বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- মো. সহিদুল ইসলামের মেসার্স সহিদুল স্টোর ও মো. সিহাব উদ্দিনের মেসার্স রিয়াদ স্টোর। উভয় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল। জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
প্রতিবেদক সরোজগঞ্জ