বজ্রপাতে দর্শনার আকুন্দবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজের চার ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে দর্শনা এলাকায় প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের সময় এ ঘটনা ঘটে। আহতরা হলো- সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুলেখা (১৩), আনিছা (১৩), লায়লা (১৩) ও হ্যাপী। এ ছাড়া এ্যানী (১২) নামে আরও এক ছাত্রী সামান্য আহত হয়। বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে টিফিন চলছিল। হঠাৎ বজ্রপাত হলে সপ্তম শ্রেণির কয়েকজন ছাত্রী আহত হয়। পরে দর্শনা থানা-পুলিশ ও বিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রীদের উদ্ধার করে দর্শনা পুরাতন বাজারের তরফদার ক্লিনিকে নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত এক ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত ছাত্রীদের শারীরিক অবস্থা কিছুটা ভালো বলে জানিয়েছেন অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন।
দর্শনা অফিস