দামুড়হুদায় মাদকবিরোধী পৃথক অভিযানে তিন গ্রাম গাঁজাসহ একজন এবং মাদক সেবনের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন। আটকরা হলেন- দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের দুস মণ্ডলের ছেলে লিটন আলী (৩০) এবং দামুড়হুদা গুলশানপাড়ার আনসার আলীর ছেলে রাসেল মোল্লা ওরফে পিণ্টু (২৭)।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে দামুড়হুদা মডেল থানার নাটুদহ পুলিশ ক্যাম্পের এসআই শুভ্রজিৎ পাল সঙ্গীয় ফোর্স নিয়ে চন্দ্রবাস এলাকায় অভিযান চালান। এসময় লিটন আলীকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে তিন গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে লিটন আলীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
অপর দিকে, দামুড়হুদা মডেল থানার এসআই মো. ফাহিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গুলশানপাড়ার রাসেল মোল্লা ওরফে পিণ্টুকে মাদক সেবনের অভিযোগে আটক করেন। তাকেও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। আদালত রাসেল মোল্লা ওরফে পিণ্টুকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রতিবেদক দামুড়হুদা