রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার কালুপোলে ঝাঁপান খেলা

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০২৬ ইং
চুয়াডাঙ্গার কালুপোলে ঝাঁপান খেলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের কালুপোল গ্রামে জমে উঠেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঝাঁপান খেলা। হারিয়ে যেতে বসা এই লোকজ আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়সী মানুষ। খেলাকে ঘিরে পুরো গ্রামজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। গতকাল শনিবার কালুপোল গ্রামে আয়োজিত ঝাঁপান খেলায় ওঝা ও সাপুড়িয়ারা দুই দলে বিভক্ত হয়ে অংশ নেন। তাদের সঙ্গে ছিল বিভিন্ন প্রজাতির সাপ। ঢোল, বাদ্যযন্ত্র ও দর্শকদের করতালির মধ্যে সাপুড়িয়ারা সাপ নিয়ে নানা ধরনের কসরত ও নাচ পরিবেশন করেন।

খেলা দেখতে মাঠের চারপাশে নারী, পুরুষ ও শিশুদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই মোবাইল ফোনে ধারণ করেন ঐতিহ্যবাহী এ আয়োজনের দৃশ্য। সাপুড়িয়াদের বিভিন্ন কৌশল ও সাপের নড়াচড়া দেখে দর্শকদের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল ও উচ্ছ্বাস।

কালুপোল গ্রামের আবুল কাশেম বলেন, একসময় গ্রামবাংলার বিভিন্ন এলাকায় নিয়মিত ঝাঁপান খেলার আয়োজন হতো। কিন্তু আধুনিক বিনোদনের বিস্তারে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এ লোকজ সংস্কৃতি। দীর্ঘদিন পর কালুপোলে এমন আয়োজন হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

আয়োজকরা বলেন, ঝাঁপান খেলা শুধু বিনোদন নয়, এটি গ্রামবাংলার শত বছরের লোকজ ঐতিহ্যের একটি অংশ। নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন করা হয়েছে।



কমেন্ট বক্স