দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দামুড়হুদা প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক খাসখবর পত্রিকার প্রতিনিধি শেখ হাতেমকে দেখতে তার বাড়িতে গেছেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদের স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মুরশেদ বীন ফয়সল (তানজীর)। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা গ্রামে শেখ হাতেমের বাড়িতে যান তিনি। এসময় তার চিকিৎসার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসা ও বিশ্রামের বিষয়ে কথা বলেন। পাশাপাশি আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন তানজীর।
এসময় তানজীর বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। ঝুঁকি নিয়ে তারা সত্য প্রকাশ ও মানুষের অধিকার আদায়ে মাঠপর্যায়ে কাজ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক দুর্ঘটনার শিকার হলে তা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগের। সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সংবাদকর্মী সংকটে পড়লে আমি তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এটি আমার নৈতিক দায়িত্ব।’ তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যান চলাচল বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান হবি। উল্লেখ্য, গত ২ আগস্ট উপজেলার রুদ্রনগর মাঠের মধ্যে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি আলমসাধুর ধাক্কায় দামুড়হুদা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রকিবুল হাসান তোতা ও সদস্য শেখ হাতেম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে শেখ হাতেমের একটি পা ভেঙে যায়। অপরদিকে রকিবুল হাসান তোতার পায়ে সামান্য আঘাত লাগে।
প্রতিবেদক দামুড়হুদা