দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামের দক্ষিণপাড়ায় বাল্যবিবাহ বন্ধ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হুদাপাড়া দক্ষিণপাড়ার মো. হক সাহেবের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, গ্রাম পুলিশের মাধ্যমে হুদাপাড়া দক্ষিণপাড়ার একটি বাড়িতে বাল্যবিবাহের আয়োজনের খবর পান উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পান। তবে ততক্ষণে ইউএনও আসার খবর পেয়ে বরপক্ষ ঘটনাস্থল ছেড়ে যায়। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে কোনো বিয়ে সম্পন্ন হয়নি এবং বিয়ের আনুষ্ঠানিক আয়োজনও ছিল না।
পরে কিশোরীর বাবা-মা ও স্থানীয় ছয়জন গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মুচলেকা দেন। মুচলেকায় তারা অঙ্গীকার করেন, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তার বিয়ে দেবেন না। এর ব্যত্যয় হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে সন্তোষ দেখা গেছে।
প্রতিবেদক দামুড়হুদা