দামুড়হুদা উপজেলায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে ছেলে পক্ষের মামা ও মেয়ে পক্ষের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামনগর নতুনপাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে থেকে জানা যায়, দামুড়হুদা উপজেলার রামনগর নতুনপাড়ার আবুল কালামের স্ত্রী ও কনের মা ময়না খাতুন (৪৫) নিজ বাড়িতে বাল্যবিবাহের আয়োজন করেন। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কনের মা ময়না খাতুন ও ছেলে পক্ষের মামা গোপালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে সোহেল রানাকে (৩৬) ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানার দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এএসআই ইব্রাহিম সঙ্গীয় ফোর্স। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিবেদক দামুড়হুদা