দর্শনার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন দর্শনা অনির্বাণ থিয়েটার দীর্ঘদিন পর আবারও নাট্যাঙ্গনে সক্রিয় হওয়ার প্রত্যয়ে নতুনভাবে কাজ শুরু করেছে। নতুন ১০ নাট্যকর্মীকে নিয়ে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে নাট্যকর্মশালা। একই সঙ্গে প্রেমচাঁদের লেখা ও আনোয়ার হোসেনের নির্দেশনায় ‘মানব’ নাটক নিয়ে কাজ শুরু করেছে সংগঠনটি।
আয়োজকরা জানান, ‘মানব’ নাটকের মধ্য দিয়ে অনির্বাণ থিয়েটার তার পুরোনো ঐতিহ্য ও স্বরূপে ফিরে আসার চেষ্টা করছে। নাট্যচর্চা একজন মানুষের কথা বলার বাচনভঙ্গি ও উপস্থাপনা দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে নাট্যচর্চার মাধ্যমে একজন মানুষ সমাজ ও জীবনের বিভিন্ন বিষয়কে ভিন্নভাবে দেখার সুযোগ পায়।
গতকাল শুক্রবার ও আজ শনিবার নাট্যনির্দেশক ও নাট্যনির্মাতা আনোয়ার হোসেন নতুন ১০ নাট্যকর্মী এবং অনির্বাণ থিয়েটারের সদস্যদের নিয়ে নাট্যকর্মশালা ও নাটকের কার্যক্রম পরিচালনা করবেন।
কর্মশালায় প্রশিক্ষণ পরিচালনায় সহযোগিতা করছেন অনির্বাণ থিয়েটারের সদস্য ও শাহ কলেজের বাংলা বিভাগের প্রভাষক মিল্টন কুমার সাহা। এছাড়া সাজ্জাদ হোসেন, স্বপ্না খাতুন, আওয়াল হোসেন, মিলন, হাবিবুর রহমান ও ফাইমসহ সংগঠনের অন্যান্য সদস্য ও নাট্যকর্মীরা কার্যক্রমে অংশ নিচ্ছেন। দীর্ঘ বিরতির পর নতুনদের সম্পৃক্ত করে অনির্বাণ থিয়েটারের এ নাট্যচর্চা দর্শনার সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
দর্শনা অফিস