বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত মাসব্যাপী দাওয়াতি দশক উপলক্ষে চুয়াডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের আলিয়াটনগর ও পাঁচকমলাপুর গ্রামে গণসংযোগ ও মতবিনিময় করেছেন দলটির নেতা-কর্মীরা। গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন ও আদালত সম্পাদক দারুস সালাম, জিএ থানা আমির আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল ও থানা নায়েবে আমির সেলিম রেজা। গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন খাদিমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও দলটির মনোনীত খাদিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় জামায়াত নেতারা আলিয়াটনগর ও পাঁচকমলাপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। তারা সমাজে ন্যায়, ইনসাফ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, মানুষের কাছে ইসলামের শান্তি, সৌন্দর্য ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মাসব্যাপী দাওয়াতি দশকের কর্মসূচি পালন করা হচ্ছে। নৈতিকতা ও মানবিকতার বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা জামায়াত নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক