জীবননগর ও মহেশপুর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও ওষুধ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসব অভিযানে ১৭৭ বোতল ভারতীয় সিরাপ, ৮৯ বোতল ভারতীয় মদ, ১২ কেজি গাঁজা এবং ২ হাজার ৮২০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযানগুলো পরিচালনা করা হয়।
এর মধ্যে গত বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫/২-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠের কাঁচা রাস্তায় অভিযান চালায় বিজিবি। নায়েক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩৩ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ জব্দ করা হয়।
একই দিন রাত সাড়ে ৮টার দিকে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৯/৬-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উজ্জল মিয়ার আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। নায়েব সুবেদার মো. রমজান আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৪ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ ও ১২ কেজি গাঁজা জব্দ করা হয়।
রাত ১০টা ৩৫ মিনিটের দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের সুমনের পেয়ারা বাগানের পাশ থেকে ৮৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এদিকে, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৩/১-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের বিল্লাল মণ্ডলের আমবাগানে অভিযান চালানো হয়। হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ জব্দ করা হয়।
এর আগে বুধবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭২/১-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের পাকা সড়কের পাশ থেকে ভারতীয় ২ হাজার ৮২০ পিস ওষুধ জব্দ করা হয়। হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
সমীকরণ প্রতিবেদন