আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. বাপ্পারাজ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার ব্যবহৃত একটি টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে হাটবোয়ালিয়া সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা সেতুর ওপর চেকপোস্ট বসিয়ে যানবাহন ও পথচারীদের তল্লাশি করছিলেন। এসময় মোটরসাইকেলযোগে বাপ্পারাজ সেখানে পৌঁছালে পুলিশের সন্দেহ হয়। পরে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত টিবিএস মেট্রো ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। তাকে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে নেওয়া হয়।
গ্রেপ্তার বাপ্পারাজ মেহেরপুর জেলার গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের মো. মোকলেছুর রহমানের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের টু-আইসি সরদার হাছিবুর রহমান। তিনি সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেল আইনগত প্রক্রিয়ার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, হাটবোয়ালিয়া সেতু এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হলে মাদক পরিবহন ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক হাটবোয়ালিয়া