বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোর নিহত

  • আপলোড তারিখঃ ০২-০৯-২০২৬ ইং
মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোর নিহত

দামুড়হুদায় টিউবওয়েলের সঙ্গে থাকা বৈদ্যুতিক মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম বরু (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোরের কোনো একসময় উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম বরু দর্শনা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত গোলজার হোসেনের ছেলে কেরামত আলীর বাড়ির টিউবওয়েলের সঙ্গে বৈদ্যুতিক মোটর স্থাপন করা ছিল। সোমবার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে কেরামত আলীর স্ত্রী মোছা. মারুফা বেগম নামাজের জন্য ঘুম থেকে উঠে টিউবওয়েলের কাছে যান। এসময় তিনি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের তারের সঙ্গে হাতে কাঁচি থাকা অবস্থায় একজনকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকতে দেখেন।


পরে তাঁর চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়দের ধারণা, মোটর চুরি করতে এসে বৈদ্যুতিক তার কাটার সময় শরিফুল ইসলাম বরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেন।


বাড়ির মালিক কেরামত আলীর ছেলে বলেন, ‘আমার মা নামাজ পড়ার আগে অজু করতে টিউবওয়েলের কাছে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে আমরা ছুটে গিয়ে দেখি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। পরে মেইন সুইচ বন্ধ করি। ধারণা করছি, মোটর চুরি করতে এসে কাঁচি দিয়ে বিদ্যুতের তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।’


স্থানীয় রোকনুজ্জামান বাবু বলেন, সকালে জানতে পারি মোটর চুরি করতে এসে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে গিয়ে দেখি, টিউবওয়েল থেকে মোটর সরানোর চেষ্টা করা হয়েছে। বৈদ্যুতিক তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজন জানান, শরিফুল ইসলাম বরুর বিরুদ্ধে এর আগেও লোকনাথপুর এলাকায় চুরির অভিযোগ ছিল। কিছুদিন আগে চুরির সময় তিনি ধরা পড়েছিলেন বলেও স্থানীয়রা দাবি করেন।
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটর চুরি করতে এসে একজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় কেরামত আলী থানায় অভিযোগ করেছেন এবং ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে গণমাধ্যমের মুখোমুখি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান