জীবননগরে দুস্থ ও হতদরিদ্র ২৫০ পরিবারের মাঝে এক মাসের ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে জীবননগর ডিগ্রি কলেজ মাঠে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সামর্থ্যবান ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মানবিক কাজে এগিয়ে আসতে হবে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি যেভাবে সুবিধাবঞ্চিত পরিবারের খাদ্যনিরাপত্তায় সহযোগিতা করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি করে।
তিনি আরও বলেন, একটি পরিবার যখন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে থাকে, তখন সামান্য সহযোগিতাও তাদের জন্য অনেক বড় সহায়তা হয়ে দাঁড়ায়। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর রহমান, সহকারী অধ্যাপক মুহাম্মদ খায়রুল বাশার এবং দীপ্ত টিভির সিনিয়র সাংবাদিক মো. আদিব জামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির নির্বাহী সদস্য সাংবাদিক সাব্বির সামি মুহিত। সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দরিদ্র ২৫০ পরিবারের মাঝে বিনামূল্যে বিভিন্ন খাদ্যসামগ্রী সম্বলিত ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ২৫ কেজি চাল, ৫ কেজি তেল, দুই কেজি ডালসহ পেঁয়াজ, রসুন, মসলা, আলু, লবণ, চিনি, ছোলা, খেজুর ও মুড়িসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
আয়োজকরা জানান, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের খাদ্যনিরাপত্তায় সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নিজস্ব প্রতিবেদক