চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ায় একটি ভাড়া বাসা থেকে জাহানারা (৫০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। জাহানারা চুয়াডাঙ্গা শহরের মসজিদপাড়ার বাসিন্দা জামাল শেখের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহানারা তাঁর স্বামী জামাল শেখকে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পৌর এলাকার রেলপাড়ায় তৌফিকুল ইসলাম জোয়ার্দারের ভাড়া বাসায় প্রায় আট মাস ধরে বসবাস করছিলেন। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে কোনো একসময় নিজ বসতঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বামী জামাল শেখ বলেন, জাহানারা দীর্ঘদিন ধরে পিত্তথলি, লিভার ও পাকস্থলীসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাঁর শরীরে এ পর্যন্ত পাঁচবার অস্ত্রোপচার করা হয়েছে। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা ও মানসিক যন্ত্রণায় বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছেন তিনি।
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেন, ঘটনাস্থলে যাওয়া কর্মকর্তার প্রাথমিক তথ্য অনুযায়ী এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক