আলমডাঙ্গায় তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ও নির্দেশনায় মাধবপুর মডেল হাই স্কুল প্রাঙ্গণে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল, এর আইনি পরিণতি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে মূল্যবান ও দিকনির্দেশনামূলক আলোচনা করেন আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম।
সভায় প্রধান বক্তা এসআই মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, "মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে হলে ছাত্রজীবন থেকেই মাদককে 'না' বলতে হবে।" তিনি মাদকের যেকোনো তথ্য পুলিশকে জানিয়ে অপরাধ দমনে সহযোগিতার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
মাধবপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবু আহম্মদ আশরাফ জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সচেতনতা সভায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ অবক্ষয় রোধে এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়তে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং নিয়মিত এমন উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
আলমডাঙ্গা অফিস