নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের প্রতিষ্ঠাতা সংগঠক ও বিশিষ্ট সাহিত্য
পৃষ্ঠপোষক অ্যাডভোকেট কাজী গোলাম মোস্তফা হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও সাহিত্য আসর 'প্রতিধ্বনি' অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকেল ৩টায় জীবননগরের কাজী টাওয়ারে সংঘের সভাপতি ডা. শাহীনুর
হায়দারের সভাপতিত্বে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন
থেকে তিলাওয়াত এবং মরহুম কাজী গোলাম মোস্তফা হায়দারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা
করে বিশেষ দোয়া করা হয়।
স্মরণ সভায় সভাপতির বক্তব্যে ডা. শাহীনুর হায়দার মরহুম কাজী গোলাম মোস্তফা হায়দারের
জীবন ও সাহিত্যিক কর্মতৎপরতা তুলে ধরেন। অনুষ্ঠানের প্রধান অতিথি রবিউল ইসলাম
শুকলাল তার বক্তব্যে বলেন, "সাহিত্য হৃদয়ের কথা বলে। সাহিত্যের চর্চার মাধ্যমেই
সমাজ ও সভ্যতার নতুন পথের সন্ধান পাওয়া যায়।"
বিশেষ অতিথি অ্যাডভোকেট কাজী সদরুল উলা (বাবু) স্মৃতিচারণ করে বলেন, "প্রান্তিক
সাহিত্যিক ও কবিদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে চুয়াডাঙ্গা
জেলা লেখক সংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল।"
মরহুমের পুত্র অ্যাডভোকেট কাজী জুবায়ের বিন হায়দার তার বাবার স্মৃতিচারণ করে
বলেন, "সংগঠন কখনো পরিবারকেন্দ্রিক হয় না; চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ আমাদের সবার।
এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সংগঠনের
কার্যক্রম গতিশীল করতে চুয়াডাঙ্গায় আমার ব্যক্তিগত চেম্বারটি ব্যবহারের জন্য
উন্মুক্ত থাকবে এবং আমার সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।"
অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন দর্শনা সাহিত্য পরিষদের মুখপাত্র কবি ফয়সাল আহমেদ,
ইনতাজুল হক, রাজিয়া আক্তার রেখা, নাজমুল হুসাইন, সার্থক আলিম ও উমর ফারুক।
সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন ডা. শাহীনূর হায়দার, মুরশীদ আলম, জাদুশিল্পী
মোহাম্মদ আলী, ফয়সাল আহমেদ, ইনতাজুল হক ও রাজিয়া আক্তার রেখা প্রমুখ। অনুষ্ঠানটি
অত্যন্ত প্রাণবন্তভাবে পরিচালনা করেন সংঘের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
সমীকরণ প্রতিবেদন