শুক্রবার, ২৮ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপের পরও বাল্যবিবাহ

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০২৬ ইং
দামুড়হুদায় প্রশাসনের হস্তক্ষেপের পরও বাল্যবিবাহ

দামুড়হুদায় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এক অষ্টম শ্রেণির ছাত্রীর বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার হাউলি ইউনিয়নের জয়রামপুর গ্রামের বারুইপাড়ায় গতকাল শুক্রবার গোপনে এ বিয়ে দেওয়া হয় বলে স্থানীয়দের অভিযোগ।


স্থানীয় সূত্রে জানা গেছে, ডুগডুগি গ্রামের আনোয়ার হোসেনের ১৫ বছর বয়সী মেয়ে (ছদ্মনাম রিনা) লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। প্রায় এক সপ্তাহ আগে প্রেমের টানে সে জয়রামপুর বারুইপাড়ার বাবুর ছেলে মাসুদ রানার (১৭) বাড়িতে চলে আসে। বিষয়টি জানতে পেরে স্থানীয় সচেতন ব্যক্তিরা উপজেলা প্রশাসনকে জানান।


খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে বিয়ে বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট পরিবারকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাউলি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাবিনা ইয়াসমিন মিনিকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়। পরে ইউপি সদস্য মেয়েটিকে নিজ হেফাজতে নিয়ে তার বাবার কাছে তুলে দেন এবং বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে পরিবারকে সচেতন করেন।


তবে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও গতকাল শুক্রবার রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে ওই কিশোরীর বিয়ে সম্পন্ন করা হয়। পরে তাকে স্বামীর বাড়িতে তুলে দেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল প্রশাসনের কঠোর হস্তক্ষেপের পাশাপাশি বাল্যবিবাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে হাউলি ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সাবিনা ইয়াসমিন মিনি বলেন, ‘প্রশাসন থেকে বাল্যবিবাহ না দেওয়ার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে সাংবাদিকদের উপস্থিতিতে মেয়েটিকে তার বাবার কাছে তুলে দিই। এরপর দুই পক্ষ এক হয়ে বিয়ে দিয়েছে বলে শুনেছি। বিষয়টি আমার জানা ছিল না। যারা আইনের লঙ্ঘন করে বাল্যবিবাহ দিয়েছে, তারা অন্যায় করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’



কমেন্ট বক্স
notebook

বাল্যবিবাহ প্রতিরোধে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের প্রশিক্ষণ