বুধবার, ২৬ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে র‌্যাবের অভিযানে ৬৫২ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার

১৬ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার, থানায় মামলা
  • আপলোড তারিখঃ ২৬-০৮-২০২৬ ইং
জীবননগরে র‌্যাবের অভিযানে ৬৫২ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার

জীবননগরে র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ৬৫২ বোতল মাদক ও ১৬ লাখ ৭৫ হাজার টাকা ও একটি মোটরসাইকেলসহ মো. ইমন আহম্মেদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা দেড়টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকায় এ অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)-৩, মেহেরপুরের একটি আভিযানিক দল। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে র‌্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মো. ইমন আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ৫৪২ বোতল স্ক্যার্ফ সিরাপ ও ১১০ বোতল উইনক্যারেক্স সিরাপসহ মোট ৬৫২ বোতল মাদক সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া নগদ ১৬ লাখ ৭৫ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।


র‌্যাবের দাবি, গ্রেপ্তার ইমন আহম্মেদ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। তিনি নিজ এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলেও জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সংশ্লিষ্ট উপধারায় মামলা দায়ের করা হয়েছে।


র‌্যাব-১২-এর সিপিসি-৩, মেহেরপুরের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‌্যাব দৃঢ়ভাবে কাজ করছে।



কমেন্ট বক্স
notebook

প্লাস্টিক দূষণ রোধে শিক্ষার্থীদের নিয়ে সেমিনার