দামুড়হুদায় মাথাভাঙ্গা সেতুর সামনে তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন নামে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের মাথাভাঙ্গা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের বাবলুর ছেলে। তিনি পেশায় রংমিস্ত্রি ছিলেন। আহতরা হলেন- দামুড়হুদার দশমীপাড়ার রবিন বিশ্বাসের ছেলে নিষ্কলঙ্ক বিশ্বাস (৩৫), বিষ্ণুপুর গ্রামের হামিদুল হকের ছেলে ফিরোজ (৩৫) এবং চুয়াডাঙ্গা শহরের সিনেমা হলপাড়ার আবেদ উদ্দীনের ছেলে জনি (৪০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংয়ের কাজ করতে মোটরসাইকেলে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন শাহীন। পথে মাথাভাঙ্গা সেতুর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে শাহীন মারা যান বলে স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্যদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শাহীনের স্ত্রী বলেন, তাঁর স্বামী রংয়ের কাজ করতে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন। মাথাভাঙ্গা সেতুর সামনে অন্য একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন নামে একজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক দামুড়হুদা