একটু ভালো থাকার আশায় অন্যের জমি বর্গা নিয়ে ১৫ কাঠা জমিতে লাউ চাষ করেছিলেন কৃষক সোহাগ। আশা ছিল, লাউ বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফিরবে, পরিশোধ করবেন এনজিওর ঋণ। কিন্তু সেই স্বপ্ন এখন দুর্বৃত্তদের তাণ্ডবে ভেঙে চুরমার। রাতের আঁধারে কেটে দেওয়া হয়েছে তার জমির সব লাউগাছ। এতে লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা মাঠে। গত বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা জমিতে ঢ়ুকে ফলন্ত লাউগাছগুলোর গোড়া কেটে দেয়। একই সঙ্গে গাছের বানও ভেঙে দেওয়া হয়। গতকাল শুক্রবার সকালে জমিতে গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে যান কৃষক সোহাগ। চোখের সামনে নিজের পরিশ্রমের ফসল এভাবে ধ্বংস হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি।
কৃষক সোহাগ বলেন, ‘আমি এনজিও থেকে ঋণ নিয়ে অন্যের জমি বর্গা নিয়ে লাউ চাষ করেছিলাম। অনেক কষ্ট করে গাছগুলো বড় করেছি। ফলও ধরেছিল। ভেবেছিলাম লাউ বিক্রি করে সংসারের অভাব কিছুটা দূর হবে এবং ঋণ পরিশোধ করব। কিন্তু দুর্বৃত্তরা আমার সব লাউগাছ কেটে দিয়েছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। এনজিওর ঋণ কীভাবে পরিশোধ করব, সেটাই বুঝতে পারছি না।’
এ ঘটনায় এলাকায়ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। কৃষকের কষ্টার্জিত ফসল নষ্টকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। কুড়ুলগাছি ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান বলেন, ‘লাউগাছ কেটে দেওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।’ ক্ষতিগ্রস্ত কৃষক সোহাগ তার স্বপ্নের ফসল ধ্বংসের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
প্রতিবেদক কুড়ুলগাছি