শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

যুবক আটক, মদ-সিরাপ ও গাঁজা উদ্ধার
  • আপলোড তারিখঃ ২১-০৮-২০২৬ ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান

জীবননগর ও মহেশপুরে অভিযান চালিয়ে ভারতীয় মদ, সিরাপ ও গাঁজাসহ টিটন রাসেল (২৪) নামে এক যুবককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এছাড়া পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মদ, সিরাপ ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬৩/৪-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের শুকুর আলীর পুকুরের পাশ এলাকায় নায়েব সুবেদার মো. লুৎফর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. টিটন রাসেলকে আটক করা হয়। তিনি জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের আলিহীম মণ্ডলের ছেলে। তাঁর কাছ থেকে ৩৪ বোতল ভারতীয় মদ, ১৬৮ বোতল সিরাপ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


অন্যদিকে, একই দিন রাত ২টা ২০ মিনিটের দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। সীমান্ত পিলার ৫২/১৫-আর থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের রাশেদুলের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ বোতল ভারতীয় মদ ও ৩৮ বোতল ‘এসকাফ’ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


এছাড়া গত বুধবার রাত ১০টা ৫ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৬৬/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সেলিম মিয়ার আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১৫ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। আটক টিটন রাসেল এবং জব্দ করা মাদকদ্রব্য জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স