জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ৬৭ লাখ ২১ হাজার টাকা মূল্যের ভারতীয় ডিএনএ টেস্ট কিট, কীটনাশক, ভারতীয় সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। এসময় মাদকসহ এক যুবককে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, গত সোমবার রাত ১০টা ৫ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৬৬/৬-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিন্টু মিয়ার আমবাগান থেকে হাবিলদার মো. আনিছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেস্ট কিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা।
একই দিন বিকেল ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে ভারতীয় ৩৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়। সীমান্ত পিলার ৬০/৪৫-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুমিল্লাপাড়া গ্রামের মো. গণি মিয়ার লাউবাগানের উত্তর-পূর্ব কোণ থেকে নায়েব সুবেদার মো. শরীফউদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব কীটনাশক জব্দ করা হয়।
এদিকে, গতকাল বেলা ১টা ১০ মিনিটে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। সীমান্ত পিলার ৬১/১১-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বিওপির দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে মো. শাকিব হাসান (২৩) নামে এক যুবককে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার গুড়দাহ গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। হাবিলদার শ্রী প্রদীপ কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে শাকিব হাসানের কাছ থেকে ভারতীয় এক বোতল এসকাফ সিরাপ এবং একটি পুরোনো সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক