শনিবার, ১৫ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তিতুদহে পরিবেশবাদী সংগঠনের আয়োজনে অনূর্ধ্ব-১২ দলের লড়াই

শিশুদের প্রীতি ফুটবল ম্যাচে বৃক্ষরোপণের বার্তা
  • আপলোড তারিখঃ ১৫-০৮-২০২৬ ইং
তিতুদহে পরিবেশবাদী সংগঠনের আয়োজনে অনূর্ধ্ব-১২ দলের লড়াই

পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভ। সংগঠনটির উদ্যোগে শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে একটি প্রীতি ফুটবল ম্যাচ। খেলাধুলার পাশাপাশি এতে দেওয়া হয় বৃক্ষরোপণ ও সংরক্ষণের বার্তা।


গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় তিতুদহ অনূর্ধ্ব-১২ একাদশ ও হুলিয়ামারী অনূর্ধ্ব-১২ একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় তিতুদহ অনূর্ধ্ব-১২ একাদশ বিজয়ী হয়। খেলা পরিচালনা করেন পলাশ কবির, রুহিন, শুভ, রনি ও সামিউল।


খেলা শেষে বিজয়ী দলের হাতে একটি ফুটবল তুলে দেওয়া হয়। পাশাপাশি দুই দলের খেলোয়াড়দের মধ্যে মূল্যবান বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত শিশু-কিশোর ও স্থানীয়দের বৃক্ষরোপণ ও গাছ সংরক্ষণে উৎসাহিত করা হয়।
বাংলাদেশ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার ইনিশিয়েটিভের সভাপতি ও বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আহসান হাবীব শিপলু বলেন, ‘আমরা শিশুদের বৃক্ষরোপণ কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে চাই। কোমলমতি শিশুদের মনে ছোটবেলা থেকেই গাছের প্রয়োজনীয়তার বিষয়টি গেঁথে দিতে হবে। তবেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’


তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম প্রতি বছর আয়োজন করা হবে। শিশু ও তরুণদের পরিবেশ রক্ষার কাজে সম্পৃক্ত করা গেলে তারা যেমন পরিবেশ সম্পর্কে সচেতন হবে, তেমনি মাদকসহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকেও দূরে থাকবে। এসময় সংগঠনের সদস্য সাহাবুল, জিসান, নিরব, বায়জিদ, আবরার ফাইয়াজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংগঠনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত সবাই শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।



কমেন্ট বক্স
notebook

জীবননগরে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম, গ্রেপ্তার বোন