দামুড়হুদা বাজারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে নৈশপ্রহরীদের মাঝে পোশাক ও ওয়াকিটকি বিতরণ করেছে দামুড়হুদা বাজার বণিক সমিতি। গতকাল শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা বাজার বণিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৈশপ্রহরীদের হাতে পোশাক ও ওয়াকিটকি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মেসবাহ উদ্দিন বলেন, ‘দামুড়হুদা বাজার বণিক সমিতি একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বাজারের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নৈশপ্রহরীদের পোশাক ও ওয়াকিটকি ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহ জালাল বাবু বলেন, নির্বাচিত হওয়ার পর প্রায় এক বছর ধরে তারা দামুড়হুদা বাজারকে আধুনিক ও উন্নত মডেল বাজারে পরিণত করতে কাজ করছেন। ইতোমধ্যে পুরো বাজার সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাজার পরিচ্ছন্ন রাখতে ডাস্টবিন সংস্কার ও নতুন ডাস্টবিন স্থাপন, টিউবওয়েল স্থাপন এবং পুরোনো সড়কবাতি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে দামুড়হুদা বাজারকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।’ নৈশপ্রহরীদের পোশাক ও ওয়াকিটকি সরবরাহে সহযোগিতা করায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ধন্যবাদ জানান তিনি।
পোশাক ও ওয়াকিটকি বিতরণে সহযোগিতা করেন আনোয়ার অটোমোবাইলসের মালিক আনোয়ার হোসেন, মিষ্টি বাড়ির মালিক সাদ্দাম হোসেন, বাবু জুয়েলার্সের মালিক বাবু দেবনাথ এবং ইউনুছ হার্ডওয়্যারের মালিক ও বণিক সমিতির সিনিয়র সহসভাপতি ইউনুছ আলী। এসময় বণিক সমিতির সহসভাপতি অ্যাডভোকেট নয়ন আহমেদ, সাধারণ সম্পাদক শাহ জালাল বাবু, সহসাধারণ সম্পাদক লাভলু, প্রচার সম্পাদক শহিদুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য এবং সাতজন নৈশ প্রহরী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক দামুড়হুদা