আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো. সবুজ শেখ নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা প্রদান ও চাঁদা দাবি করার অপরাধে তাঁকে ১৫ দিনের কারাদণ্ড দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী। দণ্ডপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার কাসেদ আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, সবুজ শেখ নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে অফিসে প্রবেশ করেন। এসময় একটি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের কথা বলে তিনি চাঁদা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) তাঁর পরিচয় এবং সংশ্লিষ্ট পত্রিকার সম্পাদকের সাথে কথা বলার বিষয়টি জানতে চান। তবে জিজ্ঞাসাবাদে সবুজ শেখ তাঁর কথিত পত্রিকার সম্পাদকের নাম কিংবা প্রয়োজনীয় কোনো তথ্য দিতে পারেননি। একপর্যায়ে ভুয়া সাংবাদিক পরিচয়ে অফিসে আসার বিষয়টি তিনি স্বীকার করেন বলে ভূমি অফিস সূত্রে জানা গেছে।
সূত্র আরও জানায়, তার কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পরিচয়পত্র পাওয়া যায়। অভিযোগ রয়েছে, কম্পিউটারে তৈরি ওই পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসে গিয়ে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন। পরবর্তীতে ঘটনাটি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অভিযুক্ত সবুজ শেখকে দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাঁর এক সহযোগীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, ‘সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে এসে চাঁদা দাবি ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
প্রতিবেদক, আলমডাঙ্গা