বৃহস্পতিবার, ১৩ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ফেলের হতাশায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ১৩-০৮-২০২৬ ইং
আলমডাঙ্গায় ফেলের হতাশায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

আলমডাঙ্গায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে নুপুর কর্মকার (১৭) নামে এক পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার আনন্দধাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নুপুর কর্মকার আনন্দধাম এলাকার খোকা কর্মকারের মেয়ে। সে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নুপুর বরাবরই পড়াশোনায় ভালো ছিল। তবে এবারের এসএসসি ফলাফলে ইংরেজি বিষয়ে তার ফেল আসে। মুঠোফোনে পরীক্ষার ফলাফল দেখার পর থেকেই সে মারাত্মক মানসিক ট্রমার মধ্যে পড়ে এবং গত দুই দিন ধরে ঘরের বাইরে আসা বন্ধ করে দেয়।


নুপুরের বাবা খোকা কর্মকার কান্নাজড়িত কণ্ঠে জানান, ফলাফল খারাপ হওয়ার পর থেকে পরিবারের সবাই তাকে সান্ত্বনা দিয়ে আসছিলেন। বুধবার বিকেলে অনেক সময় ধরে তাকে ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা ভেতরে গিয়ে তাকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পান। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি করা হয়নি । স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

মুজিবনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত