আলমডাঙ্গায় মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, গাঁজা ও বুপ্রেনরফিন ইনজেকশনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিনগত রাতে আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, এসআই (নি.) মো. ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া দাসপাড়া গ্রামের সাইদুলের চায়ের দোকানের সামনে পাকা সড়ক থেকে তিনজনকে গ্রেপ্তার করেন।
তারা হলেন- পাইকপাড়া চরপাড়ার হাসমত মন্ডলের ছেলে মো. রাকিব (২১), পারকুলা আবাসনের রতন আলীর ছেলে মো. সজিব (২০) এবং মিরপুর উপজেলার ইশালমারী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে মো. আব্দুল আলিম হৃদয় (১৮ বছর ৬ মাস)। এ সময় তাদের কাছ থেকে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর অভিযানে এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশনের পুরাতন গোডাউনের পূর্ব পাশে অভিযান চালিয়ে মিরপুর উপজেলার খালমাগুড়া রেলগেট এলাকার কোরবান সরদারের ছেলে মো. মামুনকে (৩২) গ্রেপ্তার করেন। তার কাছ থেকে দুই গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, এসআই মো. তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়ার কুষ্টিয়া রোড যাত্রী ছাউনির সামনে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার আমিরের ছেলে মো. মহির উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেন। তার কাছ থেকে দুই অ্যাম্পুল বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। এছাড়া আলমডাঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোহাম্মদ লিটন আলীকে (৩৪) ভোগাইল বগাদী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার সামাদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ছয়জনের মধ্যে রাকিব, সজিব, আব্দুল আলিম হৃদয়, মহির উদ্দিন ও মামুনকে তাৎক্ষণিক বিচারের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি লিটন আলীকেও আদালতে সোপর্দ করা হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আলমডাঙ্গা অফিস