চুয়াডাঙ্গায় আলুকদিয়ায় গরুতে ক্ষেত খাওয়ায় জমির মালিককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
২৫-১১-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের পিরপুর গ্রামে গরুতে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে জমির মালিককে মারপিট করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, গত বৃহস্পতিবার আলুকদিয়া পিরপুর গ্রামের মৃত শেরেগুল মালিথার ছেলে সার ব্যবসায়ী আরিফুলের ভুট্রা ক্ষেতে পাশের গ্রাম টেইপুরের মনিহারের ছেলে রুবেলের (২৩) গরু ঢুকে ক্ষেত খেয়ে যায়। আরিফুল এর প্রতিবাদ করলে দুই জনের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয় ও ধাক্কধাক্কির ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় আরিফুল তার ব্যবসার দেনা-পাওনার টাকা আদায়ের জন্য মোটরসাইকেলযোগে টেইপুরে যায়। সেখান থেকে ফিরে আসার পথে ঐ গ্রামের ডা. আব্দুর রাজ্জাকের ঔষধের দোকানের নিকটে পৌছালে রুবেল ও তার ভাই সুমন (২৫) আরিফুলের গাড়ি গতিরোধ করে জেআর পাইপ ও কাঠের লগ দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সে আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে পড়ে যায়। সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় অভিযুক্তদের বিরূদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
কমেন্ট বক্স