জীবননগর উপজেলা ও পৌরসভার অধীনে ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার জন্য অনুষ্ঠিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৩ ও ৪ আগস্ট অনুষ্ঠিত পরীক্ষার ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত, সংরক্ষিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি ও উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দীন মোড়লের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, শুমারি কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের প্রতিদিন ন্যূনতম আট ঘণ্টা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া, তথ্যের গোপনীয়তা ভঙ্গ, কিংবা সাধারণ মানুষকে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে মিথ্যা প্রলোভন বা ভয়ভীতি দেখানো নিষিদ্ধ করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের জালিয়াতি বা অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সম্মানী বাতিলসহ সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়েও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
সমীকরণ প্রতিবেদক