দর্শনায় মাদক সেবনের অভিযোগে দুজনকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাদের ডোপ টেস্ট করা হলে দুজনেরই রিপোর্ট পজিটিভ আসে। এরপর সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। পুলিশ জানায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের তত্ত্বাবধানে গত সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এসআই আমানত উল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাহ গড়ার এলাকায় অভিযান চালান। এসময় আব্দুর রহিমের ছেলে হাবিবুল্লাহ ওরফে হাবিবকে (২২) তাঁর বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে এসআই মোল্যা আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা বাসস্ট্যান্ডসংলগ্ন আড্ডা কফি হাউজের সামনে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে সাইফুল ইসলাম স্বপনকে (৪১) আটক করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া নতুনপাড়া এলাকার মৃত তোফাজ্জেল মাস্টারের ছেলে। পরে আটক দুজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।
পুলিশ আরও জানায়, পরবর্তীতে তাদের সংক্ষিপ্ত বিচারের জন্য চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত হাবিবুল্লাহ ওরফে হাবিবকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেন। অপর আসামি সাইফুল ইসলাম স্বপনকে চার মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
দর্শনা অফিস