মঙ্গলবার, ১১ অগাস্ট, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

মাদক ও অনলাইন জুয়া বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ^াস
  • আপলোড তারিখঃ ১১-০৮-২০২৬ ইং
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময়

চুয়াডাঙ্গা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, কিশোর গ্যাং, অনলাইন জুয়া, যানজটসহ বিভিন্ন সমস্যা ও অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। গতকাল সোমবার বিকেল ছয়টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।


সভায় শুরুতে সাংবাদিকদের সঙ্গে পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে চুয়াডাঙ্গার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও কারণ, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় সাংবাদিকরা বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় চুয়াডাঙ্গায় মাদকের সমস্যা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। মাদকসেবীদের পাশাপাশি এর সঙ্গে জড়িত মূল হোতাদের গ্রেপ্তারে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিস্তার, অনলাইন জুয়া, অবৈধ যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা, কিশোরদের বেপরোয়া মোটরসাইকেল চালানো এবং গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের টহল বাড়ানোর বিষয়ে তারা মতামত দেন।


সাংবাদিকদের এসব মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সমাজের চাহিদা সবসময় একরকম থাকে না। সমাজের কোন খাতে চাহিদা বেশি, তা সাংবাদিকরাই তুলে ধরতে পারেন। তাই সমাজের যে বিষয়গুলোতে মানুষের চাহিদা বেশি, সেসব খাতে গুরুত্ব দিয়ে কাজ করলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে ধরে রাখা সম্ভব।’ তিনি আরও বলেন, ‘কোনো রাজনৈতিক বা ফ্যাসিস্ট গোষ্ঠী যদি আবার সমাজে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে, সেখানেও পুলিশের অনেক কিছু করার আছে। এ ক্ষেত্রে আমরা সাংবাদিকদের সহযোগিতা চাই। আপনারা বিভিন্ন তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী।’


সাংবাদিকদের তথ্যপ্রাপ্তি সহজ করার বিষয়ে ডিআইজি বলেন, ‘চুয়াডাঙ্গার পাঁচটি থানার ওসিদের সাংবাদিকদের সঙ্গে নিয়মিত তথ্য বিনিময়ের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণ ভুল তথ্যে বিভ্রান্ত না হয়। কোনো অপরাধ সংঘটিত হলে ওসিকে সাংবাদিকদের তা জানাতে হবে। সাংবাদিকদের যে সংবাদের চাহিদা রয়েছে, তা সম্ভব হলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও জানাতে হবে।’


তথ্য গোপন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনেক সময় ওসিরা সহযোগিতা করতে চান না, তথ্য লুকিয়ে রাখতে চান। এটি ঠিক নয়। পুলিশ ও সাংবাদিকদের মধ্যে তথ্যের আদান-প্রদান থাকা প্রয়োজন। সাংবাদিকেরা বস্তুনিষ্ঠভাবে সংবাদ পরিবেশন করবেন এবং সংবাদ সংগ্রহের ক্ষেত্রেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।’




মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘চুয়াডাঙ্গাকে মাদকমুক্ত রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। মাদকাসক্তদের ডোপ টেস্টের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।’


অনলাইন জুয়া প্রসঙ্গে ডিআইজি বলেন, ‘অনলাইন জুয়ায় আসক্ত হয়ে অনেকে সর্বস্বান্ত হচ্ছেন। এ বিষয়ে পুলিশ সর্বশক্তি দিয়ে কাজ করবে। পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ নারীর প্রতি সহিংসতার বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান তিনি।


যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ট্রাফিক পুলিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব না হলে প্রয়োজনে এসএফ ফোর্স ব্যবহার করেও যানজট নিরসনে কাজ করা হবে। একই সঙ্গে চুরি, ডাকাতি ও দস্যুতার মতো অপরাধ দমনে কঠোরভাবে কাজ করার কথা জানান তিনি।


প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিয়ে ডিআইজি বলেন, ‘বর্তমানে বডি অন ক্যামেরা, মোবাইল সিস্টেম ও সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পুলিশিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমাদের টেকনোলজি বেইজড পুলিশিংয়ের দিকে আরও এগিয়ে যেতে হবে এবং এ বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’


কমিউনিটি বেইজড পুলিশিং প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে কমিউনিটি বেইজড পুলিশিং করে থাকি। সমাজের মানুষের সঙ্গে আলোচনা করে তাদের চাহিদা অনুযায়ী সহায়তা ও সেবা দেওয়ার মাধ্যমে যে পুলিশিং করা হয়, সেটিই কমিউনিটি বেইজড পুলিশিং। এ বিষয়টিকেও আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’ এছাড়া সামাজিক কার্যক্রম, খেলাধুলা ও সুস্থ ধারার বিনোদনের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ডিআইজি।
মতবিনিময় শেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের পক্ষ থেকে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস/মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) জামাল আল নাসের, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসময় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক ও প্রকাশক আজাদ মালিতা, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক ও প্রকাশক সরদার আল-আমিন, এনটিভির জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, সিনিয়র সাংবাদিক রিফাত রহমান, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার রেজাউল করিম লিটন, ডিবিসি টিভির স্টাফ রিপোর্টার কামরুজ্জামান সেলিম, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিসান আহমেদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক সময়ের সমীকরণের যুগ্ম সম্পাদক মেহেরাব্বিন সানভী, এখন টিভির জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তীসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় বাংলা কিউআর কোডে লেনদেনের প্রচারে রোড-শো