হিন্দু ধর্মাবলম্বীদের মনসা পূজাকে ঘিরে চট্টগ্রাম শহরের অলংকার হাটে চুয়াডাঙ্গার বড় আকারের কালো পাঁঠার ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্রতিবছরের মতো এবারও জেলার বিভিন্ন এলাকার খামারি ও ব্যবসায়ীরা প্রায় ২০০টি কালো পাঁঠা চট্টগ্রামে পাঠিয়েছেন। এতে ভালো লাভের আশা করছেন তারা।
ব্যবসায়ীরা জানান, বড় আকারের প্রতিটি কালো পাঁঠা ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা, এমনকি মান ও আকারভেদে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। মনসাপূজায় মানত পূরণের অংশ হিসেবে হিন্দু সম্প্রদায়ের অনেক ভক্ত কালো পাঁঠা উৎসর্গ করেন। এ কারণে প্রতি বছর এ সময় অলংকার হাটে এসব পাঁঠার চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
চুয়াডাঙ্গার খামারিরা সারা বছর যত্নের সঙ্গে উন্নত জাতের কালো পাঁঠা লালন-পালন করেন। মৌসুম এলেই ট্রাকযোগে সেগুলো চট্টগ্রামে পাঠানো হয়। গতকাল বুধবারও কয়েকটি ট্রাকে করে পাঁঠা নিয়ে ব্যবসায়ীরা অলংকার হাটের উদ্দেশে রওনা দেন। সরোজগঞ্জের পাঁঠা ব্যবসায়ী শ্রী মিলন দাস বলেন, ‘প্রতিবছরই আমরা সরোজগঞ্জ থেকে বড় কালো পাঁঠা চট্টগ্রামে নিয়ে যাই। মনসাপূজার সময় এসব পাঁঠার চাহিদা অনেক বেশি থাকে। মান ও আকার অনুযায়ী ভালো দামে বিক্রি হয়। এবারও ভালো ব্যবসার আশা করছি।’
স্থানীয় খামারিদের মতে, এই মৌসুমি ব্যবসা তাদের বাড়তি আয়ের সুযোগ তৈরি করে। ভালো দাম পাওয়ায় তারা সন্তুষ্ট। আগামী বছর আরও বেশি সংখ্যক পাঁঠা প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে তাদের।
প্রতিবেদক সরোজগঞ্জ