আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের গৌরিহ্রদ গ্রামে নবনির্মিত ‘আল রাইয়ান জামে মসজিদের’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জানা যায়, খোরদ গৌরিহ্রদ গ্রামের সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক সিরাজুল ইসলাম নিজস্ব জমিতে ব্যক্তিগত অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে মসজিদটির ছাদ ঢালাই পর্যন্ত নির্মাণকাজ সম্পন্ন করেছেন। তিনি জানান, আল্লাহর সন্তুষ্টি অর্জন ও এলাকাবাসীর ইবাদতের সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছেন। পর্যায়ক্রমে মসজিদের অবশিষ্ট কাজও সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং নৈতিক শিক্ষা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার অন্যতম কেন্দ্র। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং মসজিদের উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিবেদক হাটবোয়ালিয়া