আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পাইকপাড়া গ্রামের ঘোষপাড়ায় অভিযান চালান।
অভিযানে পাইকপাড়া গ্রামের চরপাড়ার মতিয়ার রহমানের ছেলে হোসাইন ইসলাম (১৯) এবং একই গ্রামের আরশেদ আলীর ছেলে হাফিজুর রহমান আলামিনকে (১৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই রাতে পারকুলা আবাসন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মৃত আলী আকবরের ছেলে রফিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আলমডাঙ্গা অফিস