২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের স্মরণে চুয়াডাঙ্গায় ‘গানে গানে জুলাই’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনা ও আয়োজনে, জেলা প্রশাসনের সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশের স্বপ্নকে সুর, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তুলে ধরা হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনের মধ্যদিয়ে জুলাই অভ্যুত্থানের চেতনা এবং দেশপ্রেমের বার্তা দর্শকদের সামনে উপস্থাপন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও সিনিয়র সহকারী কমিশনার এস. এম. আশিস মোমতাজ, সহকারী কমিশনার এ. এস. এম. আব্দুর রউফ শিবলু, নুসরাত জাহান, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, মির্জা শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার (ওসি) ইনচার্জ মিজানুর রহমান, জেলা জাসাসের সভাপতি শহিদুল হক বিশ^াসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন।
জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক ও সংগীতশিল্পী হিরণ রশিদ শান্তের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন শ্রুতি, নুসরাত জাহান করবী, সাদাত শাহরিয়ার অর্পণ, শাকিল আহমেদ, ধৃতি দাস, তাসনিয়া আজাদ বর্ণ, তাসনিম তাবাচ্ছুম ছোঁয়াসহ জেলা শিল্পকলা একাডেমির ক্ষুদে ও তরুণ শিল্পীরা। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এ সাংস্কৃতিক সন্ধ্যার প্রশংসা করেন।
নিজস্ব প্রতিবেদক