চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার রোধে বিশেষ অভিযান চালিয়ে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। এসময় এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৬ বিজিবি। আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৩৪)। তিনি দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল সীমান্ত এলাকায় গোপনে অবস্থান নেয়।
তিনি আরও জানান, শনিবার বিকেল ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার-৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এদিকে আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।
বিজিবি জানায়, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সমীকরণ প্রতিবেদক