শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার হেমায়েত উল্লাহ বেল্টু ও মাজেদুর রহমানসহ

৮৬ জনকে ডিএজি ও ১৭৯ জনকে এএজি নিয়োগ
  • আপলোড তারিখঃ ৩১-০৭-২০২৬ ইং
চুয়াডাঙ্গার হেমায়েত উল্লাহ বেল্টু ও মাজেদুর রহমানসহ

চুয়াডাঙ্গার মো. হেমায়েত উল্লাহ বেল্টু ও অ্যাডভোকেট মাজেদুর রহমানসহ সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) পদে ও ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। হেমায়েত উল্লাহ বেল্টু ও অ্যাডভোকেট মাজেদুর রহমান দুজনই চুয়াডাঙ্গা জেলার কৃতী সন্তান। এর মধ্যে অ্যাডভোকেট মাজেদুর রহমান আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর গ্রামের প্রয়াত মতিয়ার রহমান মালিথার সন্তান।


গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিলের পর এসব নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার-১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি এসব নিয়োগ দিয়েছেন।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নিয়োগ কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে রাষ্ট্রের আইনজীবী প্যানেলে এ পরিবর্তনের কারণ বা নতুন আইন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য বর্তমানে একজন অ্যাটর্নি জেনারেল ও তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল রয়েছেন।


এ বিষয়ে জানতে চাইলে সলিসিটর অনুবিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) সানা মো. মারুফ হোসাইন বলেন, আগের অধিকাংশ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন কয়েকজন আইনজীবীকেও ডিএজি ও এএজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে পুনর্নিয়োগপ্রাপ্ত ও নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তাদের সুনির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একটি সূত্র জানায়, অনিয়মের অভিযোগ ওঠা অন্তত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

দামুড়হুদার জয়রামপুর তালপুকুরে ডুবে শিশুর মৃত্যু