দর্শনায় চিরন্তন বৃক্ষ মেলায় বিক্রি হওয়া লাকি কুপনের লটারি ড্র নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। এ নিয়ে কুপন ক্রেতাদের মধ্যে সমালোচনার ঝড় চলছে। মেলায় বিপুল সংখ্যক কুপন বিক্রি হলেও প্রকাশ্যে লটারি ড্র অনুষ্ঠিত না হওয়ায় বিক্রেতাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন। স্থানীয়দের অভিযোগ, বৃক্ষমেলা চলাকালে অনুদানের নামে বিপুল পরিমাণ কুপন বিক্রি করা হয়। তবে মেলা শেষ হওয়ার একদিন আগেই জেলা প্রশাসন থেকে আরোপ করা একাধিক শর্ত ভঙ্গের অভিযোগে মেলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদনের শর্ত লঙ্ঘন করে কুপন বিক্রি, উচ্চ শব্দে গান-বাজনা এবং জনভোগান্তির সৃষ্টি করেছিল। পরে মেলা পুনরায় চালুর চেষ্টা করা হলে ওই রাতেই উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম ঘটনাস্থলে গিয়ে মেলার কার্যক্রম বন্ধ করে দেন। এদিকে, মেলা বন্ধ হওয়ার পর কুপনের ড্র কবে, কখন এবং কোথায় অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে ক্রেতাদের মধ্যে সন্দেহ ও প্রশ্ন দেখা দিয়েছে।
অনেকেই জানতে চাইছেন, যেহেতু মেলা বন্ধ হয়ে গিয়েছিল, সেক্ষেত্রে অন্য কোনো নির্ধারিত স্থানে প্রকাশ্যে লটারি ড্র আয়োজন করা হলে পুরো প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হতো। কিন্তু কেন এমন গোপনে হঠাৎ করে ড্র করা হলো? সম্প্রতি ‘দর্শনা’ নামের একটি ফেসবুক আইডি থেকে কুপন লটারির ড্র সম্পন্ন হয়েছে দাবি করে ৫০টি বিজয়ী কুপনের ক্রমিক নম্বর প্রকাশ করা হয়। তবে সেখানে বিজয়ীদের নাম, ঠিকানা বা যোগাযোগের কোনো তথ্য উল্লেখ না থাকায় সন্দেহ আরও বেড়েছে বলে জানান একাধিক কুপন ক্রেতা।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে মেলা কর্তৃপক্ষের কয়েকজন সদস্য দাবি করেন, লটারি ড্রয়ের ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চিরন্তন বৃক্ষমেলার প্রধান আয়োজক মীর সোহাগ বলেন, ‘আমরা সঠিক নিয়মেই লটারি ড্র সম্পন্ন করেছি। বিজয়ী কুপনের নম্বর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।’ তবে বিজয়ীদের পরিচয়, যোগাযোগের তথ্য কিংবা ড্র কোথায় ও কীভাবে অনুষ্ঠিত হয়েছে, এমন প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা তিনি দিতে পারেননি।
এ ঘটনায় কুপন ক্রেতাদের দাবি, মেলা কর্তৃপক্ষ যেন লটারির সম্পূর্ণ ভিডিও, ড্রয়ের স্থান, সময়, উপস্থিত ব্যক্তিদের পরিচয় এবং বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
দর্শনা অফিস