জীবননগরের সংবাদপত্র পরিবেশক রমজান আলী (৪০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল বুধবার ভোরে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গতকাল বাদ আসর জানাজা শেষে লক্ষ্মীপুর মিলপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি জীবননগর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুর মিলপাড়ার বাসিন্দা এবং আনসার আলীর ছেলে। রমজান আলী জীবননগর সাংবাদিক সমিতির সদস্য ছিলেন এবং দৈনিক সময়ের সমীকরণের সংবাদপত্র পরিবেশক ছিলেন।
রমজান আলীর মৃত্যুতে দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক এবং চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ সময়ের সমীকরণ পরিবারের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। জানাজায় দৈনিক সময়ের সমীকরণের প্রতিনিধি হিসেবে পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ও জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন উপস্থিত ছিলেন।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে কয়েকদিন ধরে রমজান আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রমজান আলীর মৃত্যুতে জীবননগরের সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। মরহুম রমজান আলীর রুহের মাগফিরাত কামনা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছেন তাঁর সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
তার জানাজায় উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার মানুষ।
সমীকরণ প্রতিবেদক