হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে দলটির জেলা শাখা। সমাবেশে জেলা পর্যায়ের সাতজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। গতকাল বুধবার বিকেল ৫টা ৪৫ মিনিটে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে কোনো ব্যানার প্রদর্শন করা হয়নি।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব আলমগীর হোসেন। তিনি বলেন, হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছেন তারা। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একই সঙ্গে এ ধরনের ঘটনার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন। বক্তব্যে আলমগীর হোসেন আরও বলেন, দেশের রাজনীতিতে তারা দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চান। তিনি বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন।
সমাবেশে উপস্থিতি কম হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জের ঘটনার প্রতিবাদ জানাতেই সীমিত সংখ্যক নেতা-কর্মীকে নিয়ে কর্মসূচি পালন করা হয়েছে, যাতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি না ঘটে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল কাদির রোকন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আলী রুশদী মজনু, সহ-প্রচার সম্পাদক সোহেল রানা, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর সদস্যসচিব ইয়াছিন আলী এবং ছাত্রশক্তির জেলা প্রতিনিধি সাকিবুর রহমান।
নিজস্ব প্রতিবেদক